ছুটি কাটাতে গিয়ে আগুনে পুড়ে তিন ভাই-বোনের মৃত্যু

ছুটি কাটাতে গিয়ে তিন ভাই-বোনের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। আমেরিকার টেনেসিতে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়ে ছিল ভারতের তেলেঙ্গানার এই তিন ভাই-বোন।

মার্কিন নাগরিক কারি কুদ্রিয়ের আমন্ত্রণে টেনেসি অঙ্গরাজ্যে কলিয়েরভিল এলাকার বাড়িতে ক্রিসমাসের ছুটি কাটাতে যান অ্যারন নাইক (১৭), জয় নাইক (১৫) ও শ্যারন নাইক (১৪) নামে তিন ভাই-বোন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর, রবিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন লাগে। ওই তিন ভাই-বোনের পাশাপাশি মৃত্যু হয়েছে ৪৬ বছর বয়সী কারিরও। তবে ১৩ বছরের সন্তানকে নিয়ে প্রাণে বেঁচে যান কারির স্বামী ড্যানিয়েল।

কুদ্রিয়ে পরিবারের বন্ধু কেথ পটস জানান, শ্যারন, জয় ও অ্যারন মিসিসিপির একটি বিদ্যালয়ে পড়ত। এবারের শীতের ছুটিতে ভারতে মা-বাবার কাছে যেতে পারেনি তারা। তাই কুদ্রিয়েদের বাড়িতেই গিয়েছিল আনন্দ করতে। তবে রবিবার সেখানে কীভাবে আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের প্রধান মার্ক কিং বলেন, ‘বাড়ির নিচতলায় ফায়ার অ্যালার্ম কাজ করত না। আর দোতলার ফায়ার অ্যালার্ম সে দিন বন্ধ হয়ে যায়। ঘটনার তদন্তের কাজ শুরু হয়েছে।’