অনেক আলোচনার পর গতকাল (বুধবার) অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে জায়গা হয়নি সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদের। তার জায়গায় স্কোয়াডে জায়গা হয়েছে ইয়াসির রাব্বির।
বিশ্বকাপের আগ মূহুর্তে রিয়াদকে কেন বাদ দেওয়া হলো, আরেকটা সুযোগ কি রিয়াদকে দিতে পারতো না বিসিবি? এমন সব প্রশ্নের উত্তর খুঁজছে তার ভক্তরা। অবশেষে ক্রিকবাজ’এর মাধ্যমে জানা গেলো রিয়াদের বাদ পড়ার আসল রহস্য।
ক্রিকবাজ’এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানাতে প্রস্তুতি নিয়েছিলো বিসিবি। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ রাজী না হয়ে আরও দুই বছর খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন।
নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা। তিনি বলেন ‘মাহমুদুল্লাহ রাজি হননি এবং বলেছিলেন যে তিনি অবসর নিতে প্রস্তুত নন এবং জোর দিয়েছিলেন যে তিনি আরও দুই বছর খেলবেন এবং জাতীয় দলে ফিরে আসার চেষ্টা করবেন।’
