স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় গর্ভধারিনী মাকে জঙ্গলে ফেলে গেল ছেলে

বউয়ের সাথে বনিবনা না হওয়ায় মাকে রাস্তার পাশের একটি পরিত্যক্ত জঙ্গলে ফেলে গেছে ছেলে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালিগ্রাম এলাকার একটি গলির পাশে জঙ্গলে অসুস্থ বৃদ্ধা মাকে ফেলে যায় ছেলে ও তার স্ত্রী। পরে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম।

উদ্বারের পর ওই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নেন কৃষকলীগ নেতা আব্দুল হাকিম। ফেলে যাওয়ার পর উদ্ধার হওয়া বৃদ্ধার বাড়ি শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-নাককাটিতলা গ্রামে। তিনি মৃত সইবুর রহমানের মেয়ে মর্জিনা বেগম (৮২)। মর্জিনা বেগম তিন মেয়ে ও দুই ছেলের জননী।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা ও মর্জিনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রাম মহল্লার একটি পরিত্যক্ত জায়গায় স্থানীয়রা এক বৃদ্ধা নারীকে পড়ে থাকতে দেখে। পরে তারা সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিমকে জানান। পরে বৃদ্ধার খোঁজ-খবর নিয়ে স্থানীয় যুবকদের সহযোগিতা নিয়ে তাকে উদ্বার করা হয়।

জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম জানান, সকালে স্থানীয় কয়েকজন যুবক আমার কাছে এক বৃদ্ধা পড়ে থাকার কথা জানান। পরে তাদেরকে নিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে একই এলাকার তার এক মেয়ের বাড়িতে রেখে আসি। তার সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছি। নিজ খরচে তাকে চিকিৎসা প্রদান করে সুস্থ করে তুলব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, একজন ছেলে হিসেবে কিভাবে মাকে ফেলে যেতে পারে, বিষয়টি ভেবে অবাক হয়েছি। অত্যান্ত অমানবিক কাজ করেছে তার ছেলে ও ছেলের বউ। বৃদ্ধার ছেলের সাথে যোগাযোগের চেষ্টা করছি। বৃদ্ধার চিকিৎসার পাশাপাশি ভরণপোষণের দায়িত্ব নিয়েছি বলেও জানান তিনি।

বৃদ্ধা মর্জিনা বেগম ও তার মেয়ে জানান, ফেলে যাওয়ার আগ পর্যন্ত মর্জিনা বেগম ছোট ছেলে মনিরুল ইসলামের বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে ছোট বোনের বাড়ির পাশে একটি জঙ্গলে মাকে ফেলে পালিয়ে যায় ছেলে মনিরুল ইসলাম। ছেলের বউয়ের সাথে বনিবনা না হওয়ায় বউয়ের কথায় মাকে ফেলে যাওয়া হয় বলে জানান বৃদ্ধা মর্জিনা বেগম।