সৌদি আরবের মক্কা থেকে মদিনা পর্যন্ত চলা হারামাইন হাইস্পিড ট্রেন চালাতে যাচ্ছেন দেশটির ২১ জন নারী। ট্রেন চালানোর প্রশিক্ষণের প্রথম ধাপ তাত্ত্বিকভাবে শেখার পর এখন তাদের চালক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত পাঁচ থেকে ছয় মাস প্রথম ধাপের প্রশিক্ষণের পর দ্বিতীয় ধাপ হিসেবে তাদের বাস্তবে ট্রেন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রথম ধাপে নারীরা ৪৮৩ ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন। এতে অন্তর্ভুক্ত ছিল রেলপথের সাধারণ জ্ঞান, ট্রাফিক ও নিরাপত্ত নিয়ন্ত্রণ, বিপজ্জনক পরিস্থিতিতে কাজ, অগ্নি নিরাপত্তা, ট্রেন ও রেলপথের অবকাঠামোর টেকনিক্যাল ধারণা।
হারামাইন স্পিড ট্রেনের সবচেয়ে বড় সহযোগী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্পেনের রেনফি এবং সৌদি রেলওয়ে পলিটেকনিক গত নয় বছর ধরে ট্রেন চালানোর জন্য ১৩০ সৌদিকে প্রশিক্ষণ দিয়েছে।
এর আগে, রেনফি ৩০ জন সৌদি নারীকে ট্রেন চালক হিসেবে নিয়োগ দিতে বিজ্ঞাপন প্রচার করেছিল। এতে সৌদি আরব থেকে বেশ সাড়া পায় প্রতিষ্ঠানটি। ঐ বিজ্ঞাপনের সাড়া দিয়ে ২৮ হাজার নারী ট্রেন চালক হতে আবেদন করেন। সেখান তেকে ১৪৫ জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে থেকে সাক্ষাৎকার শেষে ৩৪ জনকে প্রথম ধাপের জন্য নির্বাচন করা হয়।
৩৪ প্রশিক্ষকের মধ্যে ৩১ জন তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হন যাদের ৭০ শতাংশের বিশ্ববিদ্যালয় ডিগ্রি রয়েছে। চলতি নিয়োগে মাত্রা ৩০ শতাংশ সৌদি পুরুষ শিক্ষানবিশ হিসেবে যোগ দিচ্ছেন।
আশা করা হচ্ছে যে, সব পরীক্ষা ও প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরা চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে সৌদির বিভিন্ন শহরগুলোতে ট্রেন চালাতে পারবেন।
এদিকে, পরবর্তী ধাপে ট্রেন চালক হিসেবে নারী ও পুরুষের সংখ্যা বৃদ্ধি করা হবে। কারণ দিন দিন এর চাহিদা বাড়ছে। বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে এর চাহিদা বেশি থাকে।
সূত্র- সৌদি গেজেট
