আগামী ২৭ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। মঙ্গলবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজন হলেও আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।
পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আগামী ৩০ আগস্ট বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর এক সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। এশিয়া কাপের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
