‘মর্নিং শো’জ দ্য ডে’- ইংরেজি প্রবাদটি খাটেনি ইংল্যান্ডের বিপক্ষে। অ্যাজবাস্টন টেস্টের প্রথম দু’দিন ভারত দাপট দেখালেও তৃতীয় দিনে ছড়ি হাতে নেয় বেন স্টোকসের দল। বোলারদের আলো ছড়ানো পারফরম্যান্সের পর ব্যাট হাতে জাদু দেখান জো রুট-জনি বেয়ারস্টোরা। অভাবনীয় হারের পর শাস্তির মুখে পড়লো ভারত।
বার্মিংহ্যামে স্লো ওভাররেটের কারণে ২টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট কাটা পড়েছে ভারতের। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের নিচে নেমে গেছে ভারত। একইসঙ্গে খেলোয়াড়দের ম্যাচ ফিও কেটে নেয়া হয়েছে।
৫২.০৮ শতাংশ পয়েন্ট নিয়ে ডব্লিউটিসির পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে জসপ্রিত বুমরাহ’র দল। তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট ৫২.৩৮ শতাংশ। অর্থাৎ, স্লো ওভাররেটের জেরে ২ পয়েন্ট কাটা না পড়লে চির প্রতিদ্বন্দ্বীদের উপরে থাকতো ভারত।
পয়েন্ট খোয়ানো অবশ্য নতুন কিছু না ভারতের জন্য। এই সিরিজের আরেক ম্যাচে স্লো ওভাররেটের জন্য ২ পয়েন্ট হারিয়েছিল ভারত। এ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি লড়াইয়ে মোট তিনবার পয়েন্ট হারালো ভারত।
গত জানুয়ারিতে সেঞ্চুরিয়নে ১ পয়েন্ট হারানো টিম ইন্ডিয়া মোট ৫ পয়েন্ট হারিয়েছে স্লো ওভাররেটের কারণে।
৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ টেবিলের দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট ১৩.৩৩ শতাংশ। ১০ ম্যাচের মাত্র একটিতে জয় টাইগারদের। ৮ ম্যাচে হার এবং ১টি ড্র।
স্লো ওভাররেটের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ওভার প্রতি ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়। ২ পয়েন্ট হারানো ভারত যেহেতু দুটি ওভার স্লো করেছে, তাই খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৪০ শতাংশা কেটে নেয়া হবে।
