ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন, নারগিস ফাখরিসহ ভারতীয় কয়েক তারকা। গানা বাংলা টিভির মালিক ও সুরকার -গায়ক কৌশিক হোসেন তাপস এবং ফারজানা মুন্নি দম্পতির এক পারিবারিক আয়োজনে অংশ নিতে তাদের ঢাকায় আসা।
রাজধানীর একশ’ ফিট এলাকার শেফ টেবিল কনভেনশন হলে সেই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সানি লিওন, নারগিস ফাখরির তোলা সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেছেন দীঘি।
ছবির তোলার সময় সানি লিওনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে দীঘির উত্তর, ‘তেমন কোনও কথাবার্তা হয়নি, জাস্ট হাই-হ্যালো টাইপের।’
তবে সানির আন্তরিকতা মুগ্ধ করেছে দীঘিকে। দীঘি বলেন, ‘কনে এন্ট্রি নেওয়ার সময় আমি সানির পেছনে দাঁড়িয়েছিলাম। সানি ও তার স্বামী আমাকে বললেন, পাশে এসে দাঁড়াও। আমি নিশ্চিত হতে আবার জানতে চাইলাম। সানি বলেন, হ্যাঁ, আসো কোনও সমস্যা নেই।’
আয়োজনে ভারত থেকে যেসব তারকা আসেন সবাই খুবই আন্তরিক বলে জানান দীঘি। মজা করে দীঘি আরও বলেন, ‘নারগিস ফাখরি আর সানি লিওনের সঙ্গে একটু ড্যান্সও করেছি।’
আয়োজনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাঁক শিল্পী। মূল গানটির মডেলও ছিলেন এই বলিউড তারকা।
