বাংলাদেশে আসার জন্য ভিসা চেয়ে ফের ব্যর্থ হলেন সাবেক কানাডিয়ান পর্ন তারকা এবং বর্তমানে বলিউডের আইটেম গার্ল সানি লিওন। তাকে এবারও ভিসা দেওয়া হয়নি। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ নামে একটি সিনেমার কাজের জন্য বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনসহ মোট ১১ জন ভারতীয় শিল্পীর। সেখানে ১০ জনকে ভিসা দিলেও সানি লিওনের ভিসা মেলেনি।
ওই বিবৃতি পত্রে সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর ওয়েভার। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কথা ছিল, ১১ জন শিল্পী বাংলাদেশে এসে নির্দিষ্ট শর্ত মেনে শুটিং করতে পারবেন। কিন্তু সানি ছাড়া বাকি ১০ জনকে ভিসা দেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে একবার সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সে সময় সাবেক পর্ন তারকার আসার খবরে ফুঁসে ওঠে কয়েকটি ইসলামিক সংগঠন। সানির বাংলাদেশ সফর রুখতে রাস্তায় নামেন তারা।
অবশেষে ইসলামিক সংগঠনগুলোর দাবির মুখে বাতিল করা হয়েছিল সানি লিওনের বাংলাদেশ সফর। ফের একবার বলিউড অভিনেত্রীর ভিসা বাতিল হয়ে গেল। যদিও এবার কেন বাতিল হলো, তা জানা যায়নি।
