প্রভাসের বিয়ে হয়ে যেত ‘বাহুবলী’ মুক্তির পরই, কিন্তু

ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি ‘বাহুবলী’। ২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। ‘বাহুবলী’র অভাবনীয় সাফল্যের জন্য গোটা ভারতে সেনসেশন হয়ে উঠেছিলেন এই নায়ক। তাকে ঘিরে শুরু হয়েছিল উন্মাদনা, যা এখনও বিদ্যমান।

ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- প্রভাসকে নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগীদের। তাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে বিয়ে করছেন অভিনেতা? অনুরাগীরা জানতে চান, কবে এবং কাকে বিয়ে করছেন প্রভাস?

‘বাহুবলী’ ছবি মুক্তির পর থেকেই এই নায়কের সঙ্গে নাম জুড়ে যায় একই ইন্ডাস্ট্রির নায়িকা আনুশকা শেঠির। তাদের সম্পর্ক ঘিরে শুরু হয় নানারকম জল্পনা।

সম্প্রতি ‘রাধে শ্যাম’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রভাস জানান, বাহুবলীর সাফল্যের পরেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ‘বাহুবলী’ মুক্তির পরই নাকি তার মন ভেঙে যায়। সে কারণেই বিয়ে করেননি।

‘বাহুবলী’র শুটিং চরাকালীনই নাকি নায়ক তার মা’কে কথা দিয়েছিলেন, ছবিটির কাজ শেষ হলে তিনি বিয়ে নিয়ে ভাববেন। কিন্তু পরে সেই ভাবনা তার মাথা থেকে উধাও হয়ে যায়। যদিও কী কারণে বা কোন ঘটনায় প্রভাসের মন ভেঙেছিল, তা বলতে নারাজ অভিনেতা।

তবে দক্ষিণের এই তারকা জানান, তার বিয়ে নিয়ে সবসময়ই বাড়িতে কথা চলে। নানা কথার মাঝেই তার বিয়ের প্রসঙ্গ তোলেন মা। প্রভাস বলেন, ‘এটা স্বাভাবিক যে প্রত্যেক মা-ই চায় তার সন্তান বিয়ে করে সংসার করুক। সন্তান পালন করুক।’

তিনি বলেন, ‘আমার মাও আমাকে সেটেল হওয়ার কথা বলেন। আমার এখন কোনো চয়েস নেই। তাই আমি বলি, যখন বিয়ে হওয়ার তখনই হবে। আমিও বিয়ে করতে চাই, কিন্তু সবটাই সময়ের উপর নির্ভর করছে।’