র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা লিটন, মুশফিক-তামিমের অবনতি

আফগানিস্তানের বিরুদ্ধে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। শেষ ম্যাচেও দলীয় বড় সংগ্রহ (৮৬) তার। বিনিময়ে হয়েছেন সিরিজ–সেরা, এবার র‍্যাঙ্কিংয়েও সেটির পুরস্কার পেলেন তিনি।

আফগানিস্তান সিরিজের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বোলারদেরও।

সিরিজের প্রথম ম্যাচে ১ রানে আউট হয়েছিলেন লিটন দাস। তবে দ্বিতীয় ম্যাচে করেন ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি। শেষ ম্যাচে ৮৬ রান তোলার পর তিন ম্যাচে তার রান হয়ে দাঁড়ায় ২২৩ এবং গড় রান ৭৪.৩৩। এমন চমৎকার পারফরম্যান্সের কারণে উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ৩২ নম্বরে।

তবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের জন্য ৩ ম্যাচের সিরিজটি শুভকর হয়নি। দ্বিতীয় ম্যাচে ৯৩ বলে ৮৬ রানের ইনিংস খেললেও প্রথম ও শেষ ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিক। তিনি আছেন ১২ নম্বরে।

অধিনায়ক তামিমের জন্য এই সিরিজে উল্লেখ করার মত কিছুই নেই। ৩ ম্যাচে তিনি করেছেন মাত্র ৩১ রান। চার ধাপ পিছিয়েছেন তিনিও, নেমে গেছেন ২৩ নম্বরে।

সিরিজটি ২-১ ব্যবধানে বাংলাদেশ জিতে নিলেও র‍্যাঙ্কিং পিছিয়েছে দেশীয় বোলারদেরও। দুই ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ (অফ স্পিনার)। তিন ধাপ পিছিয়ে শীর্ষ দশ থেকে ছিঁটকে গেছেন সাকিব, তিনি এখন আছেন ১২ নম্বরে। সবচেয়ে বেশি পাঁচ ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান।