ফুটবলে প্রথম জয় পেল সৌদি নারীরা

অতীতে কখনও আন্তর্জাতিক নারী ফুটবলে দেখা যায়নি সৌদি আরবকে। গত জানুয়ারিতে নারী ফুটবল দল গঠন করে মধ্যপ্রাচ্যের দেশটি। নিজেদের যাত্রার শুরুতেই জয়ের দেখা পেয়েছে সৌদি আরব নারী ফুটবল দল।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে কয়েকদিন আগে মালদ্বীপ পৌঁছায় সৌদির নারী ফুটবল দল। দলটির দায়িত্বে আছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মোনিকা স্টাব। প্রথম ম্যাচেই সিসিলসের বিপক্ষে বাজিমাত করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে মরুর দেশের মেয়েরা।

গতকাল সৌদি আরব নারী ফুটবল দলের প্রতিপক্ষ ছিল সিসিলস। পূর্ব আফ্রিকার দেশটিকে ২-০ গোলে পারজিত করেছে স্টাবের শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটে তাদের এগিয়ে নেন আল বানদারি মুবারাক। দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরিয়ম আল তামিমি। একবারও লক্ষ্যভেদ করতে পারেনি সিসিলস। ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব।

সিসিলসকে হারানোর পর নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন সৌদি আরব নারী ফুটবল দলের কোচ স্টাব, ‘আমাদের লক্ষ্য হল, ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার সেটা অর্জন করা। আমরা ফিফার অন্তর্ভূক্ত হওয়ার স্বপ্ন দেখি।’

দারুণ এক জয় পাওয়ায় সৌদি আরব নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং বিশ্বকাপজয়ী খেলোয়াড় পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় পেলে লেখেন, ‘আমি সৌদি আরব ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা শুধু তোমাদের জন্য। এটা গোটা ফুটবল বিশ্বের জন্যই ঐতিহাসিক।’