ক্রিকেটে আমার দেখা সেরা মস্তিষ্ক সাকিবের : রোডস

বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা খেলোয়াড় বলা হয় সাকিবকে। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই সমান তিনি । পরিসংখ্যানও তাই বলে। প্রতিনিয়ত অন্যের রেকর্ড ভেঙে গড়ছেন নিজের নামে। বহুবার আইসির্সির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে হয়েছেন নাম্বার ওয়ান। তিন ফরম্যাটেই একই সময়েই নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়ার কীর্তিও রয়েছে তাঁর।

এদিকে, ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে টাইগারদের সাবেক কোচ রোডস কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশে তার কাজের সময়কাল এবং বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্রিকেটারের ব্যাপারেও।

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে একসঙ্গে যে ‘পঞ্চপাণ্ডব’ বলা হয়, সেটি মানতে রাজি নন রোডস। তিনি বরং দলের সবাইকে এক কাতারেই রাখতে বেশি আগ্রহী।

তবে এই পাঁচ সিনিয়র ক্রিকেটারের যে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার আছে আরও অনেক কিছু সেটিও জানেন এ সাবেক কোচ। আর এটি পাওয়ার জন্য ক্রিকেট বোর্ডকেও নিজেদের দায়িত্ব বুঝতে হবে বলে মনে করেন রোডস।

তিনি বলেছেন, ‘তারা (পাঁচজন) পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য বড় দায়িত্ব পালন করতে পারে। সাকিব, রিয়াদ, মুশফিক ও তামিমের এখনও ক্যারিয়ারের অনেক সময় বাকি। তারা সবাই অনেক অভিজ্ঞ এবং দারুণ ক্রিকেটার।’

এসময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রশংসা করে রোডস বলেন, ‘ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা মস্তিষ্ক সাকিবের।

কিন্তু সে ক্রিকেটে যা কিছু অর্জন করেছে এর জন্য যথাযথ সম্মান কি পায়? নাকি বিষয়টা এমন যে, সে আমাদের চাকুরে তাই আমরা তাকে নিয়ন্ত্রণ করবো?’