ফাইনালে ‘ডাক’ মারলেন বিপিএল সেনসেশন মুনিম

নিঃসন্দেহে বিপিএলের ৮ম আসরের বড় প্রাপ্তির নাম মুনিম শাহরিয়ার। হার্ডহিটারের অভাব যে দেশে, সেই দেশের একজন ক্রিকেটার ব্যাট হাতে আগ্রাসন দেখাচ্ছেন- বিষয়টা বেশ চমকপ্রদ। কিন্তু ফাইনালের মঞ্চে আজ আলো ছড়াতে পারেননি মুনিম। ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন কোনো রান না করেই।

রান তাড়ায় নেমে নড়বড়ে শুরু করেন ফরচুন বরিশালের দুই ওপেনার ক্রিস গেইল আর মুনিম শাহরিয়ার। মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভার থেকে আসে মাত্র ৪ রান। সবগুলোই এক্সট্রা খাত থেকে। ৭ বল খেলে মুনিমের নামের পাশে ০ রান!

শহীদুলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি কবজির মোচরে ঘুরিয়ে প্রথম রানটি নেন ক্রিস গেইল। পরের বলেই ডু প্লেসিসের তালুবন্দি হন ৭ বল খেলে কোনো রান না পাওয়া মুনিম। চতুর্থ বলে আসে ইনিংসের প্রথম বাউন্ডারি।

এর আগে মিরপুর শেরে বাংলায় আজ শুক্রবার বিপিএলের গ্র্যান্ড ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫১ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যারিবীয় অল-রাউন্ডার সুনিল নারাইন আজও শুরু থেকে ছিলেন বিধ্বংসী মেজাজে।

২১ বলে ফিফটি করার পর আউট হন নারাইন। এরপর ধস নামে কুমিল্লার ব্যাটিং লাইনআপে। ৭ম উইকেট জুটিতে মঈন-রনি ৫১ বলে ৫৩ রান যোগ করলে লড়াই করার মতো স্কোর পায় কুমিল্লা। ৩২ বলে ৩৮ করেন মঈন।