জামালপুর ইসলামপুর মাজার থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র সার্কেল এএসপি মো.সুমন মিয়ার নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশ পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে এক মাজার থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের পতু শাহ ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলাসহ ১টি অস্ত্র মামলা ও অন্যান্য ৪টি মামলা রয়েছে।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, সন্ত্রাসী রাসেল দীর্ঘদিন যাবত নাম পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী লক্ষীপুর জেলাসহ বিভিন্ন জেলায় পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারে ঘুরে বেড়াতেন। সাধু বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন করতেন বলেও সে নিশ্চিত করেছেন।
সন্ত্রাসী রাসেল জামালপুর ২টি ও লক্ষ্মীপুর ১টি বিয়ে করেছেন। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে আদালতে প্রেরণ করা হবে।
