সর্বোচ্চ মূল্যে কলকাতায় শ্রেয়াস আইয়ার, জানুন মূল্য

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) নিলামপর্ব। মেগা নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনতে খরচ করেছে ১২ কোটি ২৫ লাখ রুপি। এবারের নিলামে এত বেশি টাকায় বিক্রি হননি কেউই। ধারণা করা হচ্ছে, শ্রেয়াসের কাঁধেই নেতৃত্বের ভার দেবে দুইবারের চ্যাম্পিয়নরা।

শ্রেয়াসকে কেনার দৌড়ে কলকাতার সঙ্গে প্রতিযোগিতায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, লখনৌ সুপারজায়ান্টস এবং গুজরাট টাইটান্সও। শেষ পর্যন্ত অন্য সবগুলো দল তাকে কিনতে অনাগ্রহ প্রকাশ করলে পেয়ে যায় শাহরুখ খানের দল।

বারের নিলাম শুরু হয় শিখর ধাওয়ানকে দিয়ে। তাঁর পুরনো দল দিল্লী ক্যাপিটালস তাঁর জন্য দর দিতে শুরু করে। শুরুতে মন্থর বিডিং হলেও দ্রুতই তার দাম বেড়ে যায়। এক পর্যায় দাম ৫ কোটি হলে পাঞ্জাব কিংসও লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত ৮.২৫ কোটি টাকায় শিখর ধাওয়ানকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস।

শিখর ধাওয়ানের পর রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস। নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সেই বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনস। তাকে পেতে কলকাতার খরচ হয়েছে ৭ কোটি ২৫ লাখ রুপি।

এছাড়া কুইন্টন ডি কককে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, ক্যাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস, ফাফ ডু প্লেসিকে ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ট্রেন্ট বোল্টকে ৮ কোটিতে রাজস্থান রয়্যালস এবং শিমরন হেটমায়ার ৮ কোটি ৫০ লাখে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছে। এদিকে এখনও অবিক্রীত রয়ে গেছেন ডেভিড মিলার, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান ও সুরেশ রায়না।