সত্যি কি স্বামী ভাড়া করেছেন রাখি

‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল!’ বলিউডের বিতর্কের রানি রাখি সাওয়ান্তের পরিস্থিতি এখন কিছুটা এমনই। সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’ শেষ হতেই স্বামী রীতেশকে ‘বন্ধু’ বলে পরিচয় দিতে শুরু করেছেন ড্রামা কুইন।

রীতেশের প্রসঙ্গ উঠতেই তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। ‘বিগ বস’-এর বাড়ি থেকে বের হওয়ার পর এখন আমরা ভালো বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। রীতেশ এখন সেটাই করছে।’

‘বিগ বস’-এর ১৫তম সিজনে স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন রাখি। তাকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছিলেন ‘বিগ বস’-এর বাড়িতে। আলাপ করিয়ে দিয়েছিলেন সকলের সঙ্গে।

কিন্তু তার পরও রীতেশকে ঘিরে ধন্দ যেন কাটতে চায়নি। রাখির স্বামীকে নিয়ে সন্দিহান ছিলেন খোদ সালমান খানও। তিনি রাখিকে প্রশ্ন করেছিলেন, ‘ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?’

এ প্রসঙ্গে রাখি বলেন, ‘সবাই বলছে আমি স্বামী ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব শিগগির সব ঠিক হয়ে যাবে।’