বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকররে মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের কিংবদন্তি, বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকররে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালেই শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দিতে হয় তাকে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত।

কোভিড আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এছাড়া তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত ৩০ জানুয়ারি তিনি করোনামুক্ত হন। কিন্তু বার্ধক্যজনিত নানা কারণে শেষ পর্যন্ত হার মানতে হলো কিংবদন্তি এই গায়িকাকে।

লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মারাঠি পরিবারে জন্ম গ্রহণ করেন। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন তিনি। তাকে ২০০১ সালে ভারত রত্নে ভূষিত করা হয়।