সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ একাদশ সাজালেন আকাশ, আছেন এক বাংলাদেশিও

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ সাজিয়েছেন। যেখানে শুধুমাত্র একজন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিয়েছেন তিনি। বিরাট কোহলি ছাড়া এই তালিকায় আর কোনো ভারতীয় খেলোয়াড় জায়গা পাননি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ খেলা চলছে।

টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে আজ। এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দুই দলই এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি। ক্রিকেট বিশ্বে এখন প্রশ্ন কে জিতবে এবারের শিরোপা? এরই মাঝে আকাশ চোপড়া বেছে নিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ। এই দলে ওপেনার হিসেবে বাবর আজম এবং বিরাট কোহলিকে রেখেছেন তিনি।

আকাশ চোপড়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে তিন ও চার নম্বরের জন্য বেছে নিয়েছেন। পাঁচ নম্বরে তিনি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালকে রেখেছেন। যেখানে ছয় নম্বরে তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগানকে জায়গা দিয়েছেন।

আকাশ চোপড়ার মতে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার ফিনিশার হিসেবে সাত নম্বরে থাকবেন। এর বাইরে আকাশ চোপড়ার দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান, ইংল্যান্ডের ক্রিস ওকস, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

একনজরে আকাশ চোপড়ার একাদশ:

১) বাবর আজম
২) বিরাট কোহলি
৩) স্টিভ স্মিথ
৪) কেন উইলিয়ামসন
৫) দিনেশ চান্ডিমাল

৬) এয়ন মরগান
৭) শিমরন হেটমায়ার
৮) মেহেদি হাসান মিরাজ
৯) ক্রিস ওকস
১০) শাহিন শাহ আফ্রিদি
১১) কাগিসো রাবাদা