চার দেয়ালের ভেতর তিনি প্রায় সবার সঙ্গে ঝামেলায় জড়াতেন নানা সময়। তির্যক মন্তব্য ও কার্যকলাপের কারণে প্রায় রীতিমতো সংবাদ শিরোনাম হতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যার মন্তব্য এবং কার্যকলাপের জেরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেছে, সেই তেজস্বী প্রকাশই জিতে নিলেন বিগ বস ১৫-এর ট্রফি।
কালারস চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-কে ঘিরে উন্মাদনার শেষ নেই। সঞ্চালক সালমান খানের এই শো’র বিজয়ী কে হবেন সেই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল আলোচনা চলে। প্রতিবারই এই শো ঘিরে নানান খবর উঠে আসে গণমাধ্যমে। বাংলাদেশের দর্শকের মধ্যেও এর আগ্রহ দেখা যায়। এবারের ‘বিগ বস’-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
গেল রোববার (৩০ জানুয়ারি) জানা গেল এবারের প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীর নাম। দর্শকদের বিচারে ‘বিগ বস’-এর বিজেতা হওয়ার লড়াইয়ে প্রতীক ও কারাণ এগিয়ে ছিলেন। তারপরেই নাম আসে শমিতা আর তেজস্বীর। যদিও প্রথম থেকেই শো-তে বনিবনা হয়নি কারাণ আর প্রতীকের। এদিকে একে-অপরকে সহ্য করতে পারেন না শমিতা আর তেজস্বীও। তবে সবকিছু ছাপিয়ে গ্র্যান্ড ফিনালেতে তেজস্বীর নাম ঘোষণায় চমকে যান অনেকেই।
‘বিগ বস’-এর ট্রফি ছাড়াও ৪০ লাখ টাকার পুরস্কার মূল্য জিতে নেন তেজস্বী। প্রথম রানার আপ হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতীক, আর সেকেন্ড রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো কারাণকে। অন্যদিকে, ফিনালেতে ১০ লাখ টাকা নিয়ে বেরিয়ে যান নিশান্ত। শমিতা শেট্টি পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে ছিলেন।
গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিগ বসের পাঁচ প্রাক্তন বিজয়ী গৌতম গুলাটি, উর্বশি ঢোলাকিয়া, গহর খান, হিনা খান আর রুবিনা দিলায়েক। ১০ লাখ টাকা বাক্সবন্দি করে তারাই ঘরের মধ্যে যান। এরপর ‘গেহেরাইয়া’ ছবির চার প্রধান তারকা দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত, ধৈর্য্য হাজির হন ‘বিগ বস’-এর মঞ্চে।
তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হলো যখন শেহনাজ গিল মঞ্চে এসে প্রয়াত সিদ্ধার্থ শুক্লার স্মৃতিচারণ করলেন। অবশ্য এর আগেই ধারণকৃত ‘বিগ বস-১৫’-এর একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সালমান খান জোর গলায় শেহনাজকে স্বাগত জানাচ্ছেন স্টেজে, ‘ইন্ডিয়া কি শেহনাজ’ বলে। আর সালমানের কাছে আসতেই চোখে জল চলে আসে শেহনাজের।
