সর্বোচ্চ যত ভোট পেলেন ফেরদৌস, জিতেছেন মৌসুমীও

সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তার ভোট সংখ্যা ২৪০। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। এবারের নির্বাচনে ২১টি পদে অংশ নেওয়া মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে ফেরদৌসই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

এর আগে ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকেও কার্যনির্বাহী পদে লড়েছিলেন ফেরদৌস। সে বারও জিতেছিলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। গতবারের নির্বাচনে তিনি প্রার্থী হননি। তবে চিত্রনায়িকা মৌসুমীর সমর্থনে কাজ করেছিলেন।

এদিকে এবার কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন ওমর সানী-পত্নী মৌসুমীও। তিনি প্রার্থী হয়েছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে। ভোট পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ২২৫টি।

এর আগে মৌসুমী ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে ফেরদৌসের সঙ্গে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যনির্বাহী পদে লড়েছিলেন। জয়ও পেয়েছিলেন। গত মেয়াদে তিনি স্বতন্ত্র থেকে সভাপতি পদে দাঁড়িয়েছিলেন মিশা সওদাগরের বিপক্ষে। কিন্তু জিততে পারেননি।

এবার সেই মিশাদের প্যানেল থেকে নির্বাচন করে কার্যনির্বাহী সদস্য হয়েছেন। যা নিয়ে বহু আগে থেকেই তুমুল বিতর্ক-সমালোচনা। নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মৌসুমীকে। সে সবের যথাযথ জবাবও দিয়েছেন নায়িকা। ভোটে জিতে তিনি জানান, সবার সঙ্গে মিলে কাজ করতে চান।

এবার অনুষ্ঠিত হলো শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। সেখানে সভাপতি পদে জিতেছেন ইলিয়াস কাঞ্চন এবং টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। এছাড়া সহসভাপতি হয়েছেন চিত্রনায়ক রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। ২০২৪ সাল পর্যন্ত এই কমিটি দায়িত্ব সামলাবেন।