স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নতুন করে পাঁচ পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি বলেছে, করোনা পজিটিভ রােগী লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসােলেশনে থাকবেন। রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তির উপসর্গ না থাকলে আইসোলেশনের প্রয়োজন নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু কোভিড বাড়ছে, এখন এর হার ২৫ শতাংশ। গতকাল সাড়ে ৯ হাজার করোনা আক্রান্ত হয়েছে এবং ১২ জন মারা গেছেন। আমরা খুবই আতঙ্কিত না হলেও এটা আশঙ্কাজনক ও চিন্তার কারণ। আমরা জেলা প্রশাসকদের বলেছি গতবার দ্বিতীয় ঢেউ বা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এবারও সেভাবে সহযোগিতা আশা করছি। আপনারা (ডিসি) একটি জেলা পর্যায়ে কমিটির সভাপতিত্ব করেন। সেখানে সবাইকে নিয়ে কাজ করবেন। আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়েও কাজ করবেন।

জাহিদ মালেক বলেন,যেভাবে করোনা বাড়ছে, তা মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ প্রস্তুত আছে। আমরা আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছি। তিনি বলেন, আমাদের করোনা টেস্টের অভাব নেই। টেস্টের কিটস আছে। অক্সিজেনের অভাব নেই। প্রায় ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিল না। আমাদের টেলি মেডিসিনের ব্যবস্থা রয়েছে। ২০ হাজার বেড রয়েছে বলে জানান তিনি।