মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেন মারা গেছেন

লেখক, অনুবাদক, প্রকাশক এবং মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। আজ বুধবার (১৯ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লেখকের পুত্রবধূ মাসুমা মাইমুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক ফেসবুক পোস্টে মাসুমা মাইমুর লিখেন, ‘নিভে গেছে দীপ জনমের তরে জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা। আর কোনো দিনও আমার পিছু পিছু ঘুরে খুঁজবে না মায়ের গায়ের মিষ্টি গন্ধ। কোনো দিনই না। কিন্তু মাকে ছেড়ে থাকবে কীভাবে ওই অন্ধকার ঘরে আমার ছেলেটা? একা- শুধু একা? কী সব বকছি জানি না। আব্বা (কাজী আনোয়ার হোসেন) আর নেই। চলে গেছেন আমাদের ছেড়ে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন। আজ চলে গেলেন আমাদের ছেড়ে।