পরীমনির বিয়ে নিয়ে যা জানা গেল

নায়িকা পরীমনি মা হতে যাচ্ছেন। বিষয়টি চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বসুন্দরী সিনেমার এ অভিনেত্রী। সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর পর নিজেদের বিয়ে নিয়েও বিভিন্ন তথ্য জানিয়েছেন পরীমনি-রাজ দম্পতি।

বিয়ের বিষয়ে পরীমনি বলেন, আগে থেকে ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে আমার নায়ক ছিল রাজ। শুটিংয়েই পরিচয়। শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম। মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি।

পরীমনি বলেন, প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের।

বিয়ের নিয়ে রাজ জানিয়েছেন, গত ১৭ অক্টোবর তারা ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। তিনি বলেন, ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে আমরা বিয়ে করি। সেটা আমরা কাউকে জানাইনি। আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। শুটিং আছে, কাজগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করব। যার কারণেই জানানো হয়নি।

র‌্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৬ সালে রেদোয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে রাজের। পরবর্তীতে ২০১৯ সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’। ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘গুনিন’সহ রাজের কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।