বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোববার (৯ জানুয়ারি) রাত আটটার পর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে গত ১৩ নভেম্বর শারিরীক অবস্থার অবণতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দুমাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে নেওয়া হলো।গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
