অপু-জয়ের ছবিকে ঘিরে গুঞ্জন

ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। মাঝখানে সিনেমায় অনিয়মিত হলেও সম্প্রতি আবারও অভিনয়ে ফিরেছেন। নবাগত নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অভিনয় করেছেন।

গত বছরের মে মাসে এফডিসির ৯ নম্বর ফ্লোরে ‘প্রেম প্রীতির বন্ধন’-এর মহরত অনুষ্ঠিত হয়। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হয়। এরপর শুরু হয় কুষ্টিয়ায়। পরে রাজধানীর পূর্বাচল এলাকায় কাদা মেখে গানের শুটিং করতে গিয়ে সর্দি-জ্বরে আক্রান্ত হন দুজন। সেসময় তাদের দুজনকে নিয়ে বেশ আলোচনারও সৃষ্টি হয়।

এবার এই জুটির নতুন কিছু আসছে।জয় চৌধুরী নিজেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানালেন। তবে কি আসছে? নতুন সিনেমা নাকি অন্যকিছু? সেটা জানাননি তিনি। তাই ভক্তদের মধ্যে কৌতুহল, গুঞ্জন দুটোই বেড়ে গেছে এই ছবি দেখার পর।

উল্লেখ্য, অপু-জয় ছাড়াও প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।