ক্যান্সার সন্দেহে চিকিৎসা নিতে আসাদের পাঁচজনের মধ্যে একজন আক্রান্ত। পুরুষের চেয়ে নারীরাই বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। পুরুষরা বেশি আক্রান্ত ফুসফুস ক্যান্সারে আর নারীরা স্তন ক্যান্সারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
২০১৮ সালে দেশে ক্যান্সারে আক্রান্ত হন দেড় লাখেরও বেশি মানুষ। ঐ বছর ক্যান্সারে মারা যান এক লাখ ৮ হাজার ১৩৭ জন। এমন পরিস্থিতিতে ক্যান্সার রোগীদের তথ্য সংগ্রহ ও গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
২০১৯ সালে সার্জারির বহির্বিভাগে ২১ হাজার ১৭৫টি সলিড টিউমারের নমুনা জমা পড়ে। যার মধ্যে ৩ হাজার ৫৮৯ জনের ক্যান্সার শনাক্ত হয়। অর্থাৎ প্রতি ৫ পরীক্ষায় একজন ক্যান্সারে আক্রান্ত। এদের মধ্যে পুরুষ ৪০ দশমিক ৫ এবং নারী ৫৯ দশমিক ৫ শতাংশ।
শুধু বিএসএমএমইউয়ের রোগীদের ওপর এই গবেষণা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্য হাসপাতালে চিকিৎসা নেয়া ক্যান্সার রোগীদেরও তথ্য রাখা জরুরি। এতে সারা দেশের ক্যান্সার পরিস্থিতি জানা যাবে এবং ব্যবস্থা নেয়া সহজ হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ২০২০ সালে সারাবিশ্বে ক্যান্সারে মারা গেছে প্রায় এক কোটি মানুষ। এর মধ্যে ১৮ লাখ ফুসফুস ক্যান্সারে এবং প্রায় ৭ লাখ স্তন ক্যান্সারে মারা গেছে।
