স্ত্রী-সন্তানসহ পরিবারের ১০ সদস্য হারিয়েছেন কালু!

কালু মিয়া পরিবার নিয়ে ঢাকায় থাকেন। কাজ করেন ঢাকার একটি রুটির দোকানে। বোনের সাথে দেখা করতে ঢাকার সদরঘাট থেকে স্ত্রী, সন্তান, ভাই, ভাগ্নে, ছোট বোনসহ মোট ১০ জন একসঙ্গে বরগুনা উদ্দেশ্যে এমভি অভিযান-১০ এ রওনা দিয়েছে । লঞ্চে আগুন লাগার ঘটনায় ছুটাছুটি শুরু হয়। আগে বুঝতে পারলে সবাইকে নিয়ে পানিতে ঝাপ দিতাম। আমি এখানে অসুস্থ হয়ে পড়ে আছি। কাউকে খবর ও দিতে পারছি না। কারও খোঁজ পাচ্ছি না।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে এম‌ভি অভিযান-১০ নামক ল‌ঞ্চে আগুন লাগার ঘটনায় তিনি পরিবারের এই ১০ সদস্যকে হারিয়েছেন। পরিবারের ১০ সদস্য নিয়ে বেড়াতে এসে এখন কারও সন্ধান পাচ্ছেন না কালু (৩০)।

দগ্ধ, আহত কালু ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের সার্জারি বিভাগে আহত অবস্থায় কাতরাচ্ছেন আর স্বজনদের জন্য কান্না করছেন। তার হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মাঝনদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন। তবে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ৭২ জনকে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।