ছবি পোস্ট করে যে তথ্য দিলেন কাজল

বিয়ের এক বছরের মাথায় সুখবর পাওয়া গেলো তামিল অভিনেত্রী কাজল আগারওয়ালের কাছ থেকে। তিনি অন্তঃসত্ত্বা। মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য কাজলের মুখ থেকে আসেনি।

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি কাজল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, বেশ কয়েকটি ছবি। যে ছবিতে ফুটে উঠেছে তার বেবি বাম্প। নেটিজেনের সেই ছবির কমেন্ট বক্সে শুভ কামনা জানানো শুরু করেছে।

বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেন কাজল। ক্যাপশনে লিখেন, ‘বে (BAY) ও আমি।’ বেইজ় রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সে ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প স্পষ্ট। দাবি ভক্তদের।

২০২০ সালের ৩০ অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। মুম্বাইয়ের তাজ হোটেলে বসে ছিমছাম বিয়ের আসর। করোনার কারণে শুধু কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের পর্ব সারেন তারা। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।

সম্প্রতি বেশকিছু ছবির কাজ থেকে সরে এসেছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়ান ২’-তে কামাল হাসানের বিপরীতে অভিনয়ের অফার এড়িয়ে গিয়েছেন তিনি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাকে। সেই অফারও নাকচ করে দেন তিনি। এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ নিয়ে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরালো হচ্ছে।