সন্তান জন্ম দেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় কাজে ফিরেছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কিছুদিন আগে প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মীরে গিয়ে একটি ছবির শুটিংও সেরে এসেছেন। বর্তমানে নুসরাত কাজ করছেন ১০৪.৮ ইশক এফএম রেডিওর হোস্ট হিসেবে।
হিন্দিতে এই শো-টি সঞ্চালনা করে থাকেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বাংলায় সেই দায়িত্ব সামলাচ্ছেন নুসরাত জাহান। নাম ‘ইশক উইথ নুসরাত’। এই শো-তে অতিথিদের জীবনের অজানা সব গল্প উঠে আসে। রিল থেকে রিয়েল, অকপট সত্যি থাকে দর্শক-শ্রোতাদের জন্য।
তবে গেল বুধবারের পর্বে কোনো অতিথি নয়, নুসরাত নিজেই অতিথির ভূমিকায় বসে পড়েন। এদিন তাকে নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নের জবাব নিয়ে একেবারে ‘বোল্ড’ অবতারে ভক্তদের সামনে হাজির হয়েছেন সাংসদ অভিনেত্রী। নিজের জীবন নিয়ে খুল্লমখুল্লা আড্ডাও দেন।
শো-তে নুসরাতের উদ্দেশে এক ব্যক্তির প্রশ্ন ছিল, চলতি বছরে তার সব থেকে সাহসী পদক্ষেপ কী ছিল? একমুহূর্ত সময় না নিয়ে নুসরাত বলে ওঠেন, ‘আমি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে বোল্ড স্টেপ নিতেই থাকি। তার সবটুকু তো আর খোলাখুলি বলা যাবে না। তবে চলতি বছরে নিজের সব থেকে সাহসী পদক্ষেপ হিসেবে বলব, মা হওয়ার পুরো জার্নিটা।’
‘মানসিক এবং শারীরিকভাবে অসম্ভব সব পরিবর্তনের শরিক হওয়া থেকে শুরু করে সেই সবকিছু মানিয়ে নেওয়া চাট্টিখানি কথা নয়। গর্ভে সন্তান থাকাকালীন শরীরে হরমোনের তারতম্যের ফলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ থাকত না আমার। বাকি পাঁচজন মায়ের মতোই। ছোট্ট ছোট্ট বিষয়ে কারণ-অকারণে কেঁদে ফেলতাম। বাড়ির গাছ মারা গেলেও কেঁদে ফেলতাম। আবার কারণে-অকারণে খুশিও হতাম।’
মাতৃত্বকালীন অবস্থায় নিজের শারীরিক পরিবর্তনের কথাও সোজাসাপ্টা বলেছেন নুসরাত। নায়িকার ভাষায়, ‘যারা ভাবে যে আমি নাকের সার্জারি করিয়েছি তাদের উদ্দেশে বলি, এই হরমোনের তারতম্যের জন্যই আমার নাকটা বড় হয়ে গেছিল। চামড়ার রং ‘টু টোনড’ হয়ে গেছিল। জেব্রার মতো লাগছিল। তবে এখন যেহেতু সন্তানের জন্ম দিয়ে ফেলেছি, তাই ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে আসছি।’
অভিনেত্রী বলেন, ‘মা হওয়ার এই জার্নিতে যে হারে ট্রোলড হয়েছিলাম, অসম্ভব মানসিক জোর না থাকলে হয়তো তা উতরাতে পারতাম না।’ নুসরাতের দাবি, ‘এটা আমার জীবন। তাই যা করেছি কোনো ভুল করিনি। আমার জীবন, আমি সিদ্ধান্ত নিয়েছি।’
ক্যারিয়ারের শুরু থেকেই এই সাংসদ-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। যদিও সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে একাধিক বার সাহসীকতার পরিচয় দিয়েছেন তিনি। এবারও নিজের জীবন নিয়ে খোলামেলা আলোচনা করে সে কথা আরও একবার প্রমাণ করলেন।
