চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যেকোনো একদিন এসএসসি এবং সমমানের (মাধ্যমিক পরীক্ষা) রেজাল্ট প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
ইতিমধ্যে দেশের শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন রেজাল্ট প্রকাশের জন্য সম্মতি দেবেন, সেদিন রেজাল্ট প্রকাশ করা হবে।
রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। তাই ফল প্রকাশে প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেদিনই সময় নির্ধারণ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের জন্য তাঁরা প্রস্তুতি নিয়েছেন।
অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমরা ২৬ থেকে ২৮ ডিসেম্বর ফল প্রকাশের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হবে।
সেখান থেকেই তারিখ চূড়ান্ত করা হবে। তবে আমরা যে সময় চেয়েছি এর আগে-পরে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছি।’
গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর।
করোনার প্রাদুর্ভাবে অনেকটাই অনিশ্চয়তায় পড়েছিল এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় ১০ মাস অপেক্ষার পর করোনা কিছুটা কমে এলে গত ১৪ নভেম্বর থেকে সংক্ষিপ্ত পরিসরে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।
