দুই সাপ্তাহ পর সার্জেন্টের মামলা নিলো পুলিশ

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ি চাপায় আহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং। এই ঘটনার দুই সাপ্তাহ পর মামলা নিলো বনানী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ওসি বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পরই আমরা অভিযোগ পেয়েছি।

কিন্তু যাচাই করার প্রয়োজন ছিল। আমরা যাচাই বাছাই করে মামলা নিয়েছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, গাড়িটি কে চালাচ্ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

গত ২ ডিসেম্বর রাত সোয়া ২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউলুপে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় একটি গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন মনোরঞ্জন। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।যে গাড়ির ধাক্কায় তিনি আহত হন, সেই গাড়িটি একজন বিচারপতির ছেলে চালাচ্ছিলেন বলে অভিযোগ মিলেছে। ঘটনাস্থল থেকে ওই চালককে থানায় নিয়ে যায় পুলিশ। পরে গাড়িটি জব্দ করা হয়। কিন্তু কিছু সময় পরই ছাড়া পেয়ে যান ওই চালক।ঘটনার পর থেকে মামলার অভিযোগ নিয়ে ঘুরছিলেন তার মেয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহুয়া হাজং।