কলকাতা-চেন্নাইয়ের ৪ তারকাকে দলে টানছে কুমিল্লা

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ছয়টি ফ্রাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসর। এবারের আসরে ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি। বিপিএলে ফেরার ঘোষণা দেওয়ার পর একের পর এক চমক দিয়েই চলছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

প্লেয়ার ড্রাফটের আগেই তিন বিদেশি তারকাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারাইন, সাবেক দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসিকে ভেড়ায় কুমিল্লা। এবার তারা ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীকে দলে টেনেছে। এই তিনজনের পর এবার আরেক উইন্ডিজ তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়াতে চাচ্ছে কুমিল্লা।

এদের মধ্যে আইপিএলে রাসেল-নারাইন কলকাতা এবং মঈন-ডু প্লেসি চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া কুমিল্লার আইকন হিসেবে থাকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর কোচের ভূমিকায় দেখা যাবে দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।