টপ অর্ডারের ব্যর্থতায় সাকিব-মুশফিকদের লড়াই স্বত্তেও ঢাকা টেস্টে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ দল। এদিকে শেষ দিনে মাঠে হাজির হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল।
প্রেসিডেন্ট বক্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে মাশরাফী ও তামিমকে দেখা গেছে এক সমর্থকের ক্যামেরায়। দুজনকে দেখতেই দর্শকরা মেতে ওঠেন উল্লাসে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণেই এক কাপ চা খেতে এসেছিলেন মাশরাফি আর তামিম।
দেশের ক্রিকেটের বর্তমান সংকট, জাতীয় দলের শ্রীহীন পারফরম্যান্স নিয়ে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক ও এক নম্বর ওপেনার তামিম ইকবালের সঙ্গে একান্তে কথা বলেছেন বিসিবি বিগ বস।
উল্লেখ্য, চোটের কারণে লম্বা সময় ধরে তামিম নেই জাতীয় দলের সঙ্গে। যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরেও। এদিকে ২০০৯ সালে টেস্ট থেকে অলিখিত অবসরের পর গত ২০১৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৯ সালে ছাড়েন ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব।
