তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আচরণে গত তিন মাস ধরে পরিবর্তন লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের সহযোগিতা পেয়েছি। তবে গত তিন মাস ধরে তার আচরণে পরিবর্তন দেখেছি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রিত্ব হারাতে বসা ডা. মুরাদের বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এসময় তথ্যমন্ত্রী জানান, দলের সঙ্গে আলোচনা না করেই মুরাদ হাসান সাম্প্রতিক কিছু মন্তব্য দিয়েছেন। দল বা সরকার বিব্রত হয় এমন কোনো কিছুই প্রধানমন্ত্রী সহ্য করেন না।
নারীর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য ও এক অভিনেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার ই-মেইলে পত্র পাঠিয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান।
মুরাদ হাসান তিন মাস ধরে অস্বাভাবিক মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রতিমন্ত্রী হিসেবে সবসময় মুরাদ হাসানের সহযোগিতা পেয়েছি। তবে গত তিন মাস ধরে তার আচরণে পরিবর্তন দেখেছি।’
ডা. মুরাদ হাসান সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনায় ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। এর আগে তিনি রাষ্ট্রধর্ম নিয়ে বক্তব্য দিয়েও আলোচনায় আসেন।
- এর মধ্যেই গত সোমবার অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই অডিওতে তাকে নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করতে শোনা যায়।
এদিন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুরাদের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার কথা জানান। এরপর রাতে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্র : ঢাকা টাইমস
