আরিফিন শুভ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। শুক্রবার (৩ ডিসেম্বর) দেশ-বিদেশে মহাসমারোহে মুক্তি পেয়েছে পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমা।
দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। তার আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার।
এদিন নির্মাতা-অভিনয়শিল্পী, সাংবাদিক ও অন্যান্য অঙ্গনের মানুষের উপস্থিতিতে সরগরম ছিল স্টার সিনেপ্লেক্স। সন্ধ্যা ৭টার কিছুটা পর হাজির হন চিত্রনায়ক আরিফিন শুভ। তার উপস্থিতি নজর কাড়ে অতিথিদের। কারণ এ নায়কের সাজপোশাক। তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি, মাথায় টুপি। তাতে লেখা ‘বঙ্গবন্ধু’।
২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবেই সব প্রস্তুতি নিয়েছিল ‘মিশন এক্সট্রিম’ টিম। কিন্তু করোনা মহামারীর কারণে চলে যায় আরও চারটি ঈদ। দুই বছরের বেশি সময় পার করে অবশেষে শুক্রবার দেশের ৫০ টি হল সহ ৪ টি মহাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।
গণমাধ্যমে আরিফিন শুভ বলেন, ‘‘শারীরিক-মানসিক দুই অর্থেই আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমের সিনেমা এটি। কিন্তু সেই সিনেমাটি দেখানোর মতো পর্যাপ্ত হলও দেশে নেই। মাত্র ৫০টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। তারপরও বলব, এখনকার ৫০ টি হল আর ঈদের সময়ের দুই শ হল একই ধরে নিতে হবে। এটাই আমাদের জন্য ঈদ।’’
আর ঐশী বলেন, ‘‘এটি আমার প্রথম চলচ্চিত্র। সে জন্য আমি নার্ভাস, অনেক আশাবাদী, হ্যাপি এবং টেনশনে আছি।’’
বঙ্গবন্ধু রূপে জনসমক্ষে আসা প্রসঙ্গে আরিফিন গণমাধ্যমকে ব্যাখ্যা দেন, ‘‘আপনারা জানেন, কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু ছবির শুটিংয়ে আমি খুব ব্যস্ত। আজ এবং আগামীকাল ছুটি পেয়েছি। তাই এভাবে চলে আসা। শুটিং স্পট থেকে সরাসরি এখানে এসেছি।’’
এদিকে সিনেমাটির পরিচালক ও চিত্রনাট্যকার সানী সানোয়ার গণমাধ্যমে বলেন, ‘‘ মিশন এক্সট্রিম বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রথমবারের মতো কোনও সিনেমা দেশের বাইরে চারটি মহাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকরা খুব ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
