বাংলাদেশে দূষিত শহরের শীর্ষ তালিকায় মানিকগঞ্জ

বাংলাদেশের দূষিত শহরের শীর্ষ তালিকায় মানিকগঞ্জ। নেট দুনিয়ায় গত দুইদিন ধরে এই খবরটি পাঠকের মনে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বড় বড় শিল্প নগরী এবং মেগা প্রকল্প এলাকা পিছনে ফেলে কিভাবে নদীর শহর মানিকগঞ্জ দূষিত শহরের শীর্ষ অবস্থানে চলে গেল তা সবারই জানার আগ্রহে পরিণত হয়েছে। নেট দুনিয়ায় নেটিজেনদের ভিতর চলছে তীব্র প্রতিক্রিয়া, সমালোচনা। যার বড় একটি অংশই এ তথ্যকে অস্বীকৃতি জানিয়েছেন। গত দুইদিন ধরে মানিকগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘দূষিত শহর মানিকগঞ্জ’। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গ্রুপ গুলোতে সরব হতে শুরু করেছেন বিশিষ্টজনেরা। তাদের সমর্থন করে ইতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।

দূষিত বাতাসের পরিমাপে বাংলাদেশের চারটি শহরকেও এই তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশে শীর্ষ দূষিত শহর হিসেবে তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ। রাজধানী ঢাকার অবস্থান তালিকার ২৩তম স্থানে। বিশ্বের বাতাসের অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত ২০২০ সালের শীর্ষ দূষিত শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া যায়। ১০৬ দেশের চার হাজার সাত শ’ ৪৪টি শহর পর্যবেক্ষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়।

বাংলাদেশ থেকে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মানিকগঞ্জের ২০২০ সালের গড় বায়ু দূষণের মাত্রা ৮০.২ একিউআই। রাজধানী ঢাকার অবস্থান তালিকার ২৩তম স্থানে। ২০২০ সালে এর গড় বায়ু দূষণের মাত্রা ৭৭.১ একিউআই। শীর্ষ এক শ’র তালিকায় থাকা বাংলাদেশের অপর দুই শহর ঢাকার আজিমপুর ও গাজীপুর জেলার শ্রীপুর। সমপরিমাণ ৫৫.৭ একিউআই নিয়ে দুই শহরের অবস্থান তালিকায় যথাক্রমে ৬০ ও ৬১।

উল্লেখ্য, তালিকায় বন্দর নগরী চট্টগ্রামকে অবশ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে পরিবেশবিদ এ্যডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, পত্রিকান্তরে সারা দেশের মধ্যে মানিকগঞ্জ বায়ুদূষণে শীর্ষে জানতে পারলাম। আমাদের বায়ুমণ্ডল দূষিত হয়ে গেছে এটা হওয়ার কথা না। মানিকগঞ্জ কৃষি ও নদীর প্রধান এলাকা। তারপরেও বিভিন্ন অ-পরিকল্পিত ইটের ভাটা, কল কারখানা গড়ে উঠেছে। এজন্য বাংলাদেশের আবহাওয়া মাটি, বায়ু ও পানি দূষণ মুক্ত থাকা উচিত।