সংগীতশিল্পী ফাহমিদা নবী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেলেন

সংগীতশিল্পী ফাহমিদা নবী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেলেন। তার সঙ্গী হয়েছেন বোন অন্তরা ও বেশ কয়েকজন আত্মীয়স্বজন। গত ১১ নভেম্বর মদিনায় গিয়েছেন ফাহমিদা নবী। বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। সেখানে তোলা নানা মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন ফাহমিদা নবী। হোটেলের জানালা থেকে তোলা একটি ছবিতে প্রিয় নবীর রওজা মোবারক দেখা যাচ্ছে। এ ছাড়াও পরপর কয়েকটি পোস্টে আরও অনেক ছবি যুক্ত আছে।

সৌদি আরব থেকে ফাহমিদা নবী বলেন, এবারই প্রথম আমি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি। এখানকার পরিবেশ এবং যা দেখছি, তা বলে বোঝানো যাবে না। মদিনায় গিয়ে দারুণ শান্তি পেয়েছি। এখন মক্কা যাওয়ার জন্য অপেক্ষায় আছি। সত্যি বলতে অনেক ভালো অনুভূতি হচ্ছে। দোয়া করবেন আল্লাহপাক যেন আমাদের কবুল করেন। তিনি আরও জানান, ওমরাহ পালন শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এরপর শুরু করবেন নতুন গানের কাজ।