যুক্তরাষ্ট্র থেকে নতুন ছবির ঘোষণা দিলেন শাকিব খান

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান। সেখান থেকে তিনি নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি জনপ্রিয় এ তারকা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানালেন।

গতকাল সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন নিউ ইয়র্কে বসবাসকারী একজন বাংলাদেশি। শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশি সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত।

সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশি দূরে নয়।

শাকিব খান গত ১২ নভেম্বর ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৬তম আসরে অংশ নিতে নিউইয়র্কে যান। সর্বশেষ শাকিব খান শুটিং করছেন ‘গলুই’ সিনেমায়। ছবিতে তার বিপরীতে আছেন পূজা চেরি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘লিডার, আমিই বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’ সিনেমাগুলো। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘নবাব এলএলবি’।