রুপালি পর্দায় তাদের রসায়ন আগুন ধরিয়েছিল। কিন্তু সেই রসায়ন বাস্তবে ততটা জমেনি। কথা হচ্ছে ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত প্রসঙ্গে। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট-মুকেশ ভাট প্রযোজিত ইরোটিক থ্রিলার ‘মার্ডার’। সেখানে জুটি বেঁধে কাজ করেছিলেন ইমরান ও মল্লিকা। ছবির পরিচালনায় ছিলেন অনুরাগ বসু।
মার্কিন ছবি ‘আনফেথফুল’-এর প্রেক্ষাপটে তৈরি এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য হয়। সেই সাফল্যের সুবাদে ২০১১ সালে ‘মার্ডার টু’ এবং ২০১৩ সালে ‘মার্ডার থ্রি ছবিও তৈরি হয়েছিল।
সদ্য মন্দিরা বেদীর টক শো ‘দ্য লাভ লাফ লিভ’-এ হাজির হয়েছিলেন মল্লিকা। সেখানেই ইমরানের সঙ্গে নিজের ঝামেলা নিয়ে মুখ খোলেন নায়িকা। তার কথায়, ‘বেশিরভাগ সময়ই সহ-অভিনেতাদের সঙ্গে আমার ইগোর সমস্যা দেখা যায়। আসলে তারা সবসময় এটা ভাবে, কেউ যদি সেটে আসে আর আমি যদি বসে থাকি, তবে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং বলব। কিন্তু সেটা একেবারেই আমার ব্যক্তিত্ব নয়। আমি হরিয়ানার মেয়ে।’
মল্লিকা আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় ঘটেছিল ইমরান হাশমির সঙ্গে। ‘মার্ডার’-এ শ্যুটের সময় অথবা পরে, আমরা তারপর আর কথা বলিনি, আমার মনে হয় সেটা খুব ছেলেমানুষি। যতদূর মনে পড়ছে, ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়। আমার তরফ থেকেও খুব বোকামি ছিল।’
ইমরানের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার সে কথাও জানান অভিনেত্রী। আক্ষেপের সুরে মল্লিকা বলেন, ‘ইমরানের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেটা সত্যি খারাপ লাগার বিষয়। কারণ ইমরান খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ছেলে। কো-স্টার হিসাবে অসাধারণ।’
আগামীতে মল্লিকার দেখা মিলবে রজত কাপুর পরিচালিত RK/RKAY ছবিতে। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়া ‘নাকাব’ সিরিজেও দেখা মিলবে অভিনেত্রীর।
