টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ অভিজ্ঞতায় ভরপুর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান। তবে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে একসঙ্গে দুটি বাজে খবর শুনলেন বাবর আজম বাহিনী। অজিদের বিপক্ষে পাকিস্তানের একাদশে মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের না থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। ফ্লু হওয়ার কারণে তাদের ছাড়াই লড়তে হতে পারে বাবরদের।
দুই অভিজ্ঞ এবং ধারাবাহিক ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত একাদশে না থাকতে পারে তাহলে পাকিস্তানের জন্য সেটি বড় ধাক্কার হবে! কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আশাবাদী, রিজওয়ান-মালিক দুজনেই সেমিফাইনালের আগে সুস্থ হয়ে উঠবেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন। তবে সবকিছু নির্ভর করছে আজ তাদের শারীরিক অবস্থার ওপর।
পাকিস্তান টিম সূত্র জানিয়েছে, বুধবার ঘুম থেকে ওঠার সময় শোয়েব এবং রিজওয়ানের সর্দি-কাশি ও জ্বর ছিল। তাদের এদিন হালকা ফ্লু ও জ্বর ছিলো। প্রাথমিকভাবে তাদের অনুশীলনে না আসার পরামর্শ দেওয়া হয়। গতকাল অবশ্য তারা অনুশীলনই করেননি। তবে তাদের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের বাকি সদস্যদেরও রিপোর্ট নেগেটিভ এসেছে।
চলমান বিশ্বকাপে অপরাজিত পাকিস্তানের অন্যতম দুই কাণ্ডারি ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। পাকিস্তানের ওপেনিংয়ে মূল স্তম্ত রিজওয়ান পাঁচ ম্যাচে করে ফেলেছেন ২১৪ রান। গড় ৭১.৩৩। স্ট্রাইক রেট ১২৭.৩৮। নামিবিয়ার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৭৯ রান করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।
অন্যদিকে, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ার সময় গুরুত্বপূর্ণ সময়ে ক্যামিওর পর স্কটল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শোয়েব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ বলে অর্ধশতরান করেছেন। রয়েছেন দুর্দান্ত ফর্মে খেলছেন অভিজ্ঞতার সবটুকু নিংড়ে দিয়ে। অবশ্য ফ্লু যদি তাদের ছিটকে দেয় তাহলে ক্ষতিই হবে পাকিস্তান দলে।
