বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও শাফিন আহমেদের মামলা

অনুমতি ছাড়া ১৪ বছর যাবৎ ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছেন নগরবাউল জেমস। শুধু তাই নয়, জনপ্রিয় মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানের কপিরাইট আইন লঙ্ঘন করায় একই কারণ দর্শিয়ে বাংলালিংকের নামে মামলা করেছেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ ও হামিন আহমেদ।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে জেমস মামলা করেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল।

এদিন মাহফুজ আনাম জেমস আদালতে উপস্থিত হন। এ ছাড়া মাইলস ব্যান্ডের পক্ষে আদালতে শাফিন আহমেদ ও হামিন আহমেদ দুজনই উপস্থিত ছিলেন।

তাপস কুমার পাল বলেন, ‘জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’

অন্যদিকে, এদিন বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ মামলা দুইটির আবেদন জমা দেন। এরপর দুই মামলায় বাদীদের জবানবন্দি গ্রহণ করে বাংলালিংকের নামে সমন জারির আদেশ দেন আদালত।

সূত্র : বাংলাদেশ জার্নাল