কুড়িগ্রামের চিলমারীতে ১৮ মাসের পুত্রসন্তানকে সাত দিন ধরে জোর করে নিজের কাছে রেখে দেন বাবা। যেতে দেননি মায়ের কাছে। অসহায় মা সন্তানকে কাছে পেতে অনেকের কাছে ছুটেছেন, কিন্তু পাননি সমাধান। অবশেষে চিলমারী মডেল থানা পুলিশের সহযোগিতায় সন্তান ফিরে পেল মায়ের কোল।
অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে আঁখি বেগমের (২১) সঙ্গে তিন বছর আগে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামতবানু নালার পাড় এলাকার জাবিউল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের বিয়ে হয়। ইতিমধ্যে তাদের সংসারে একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম হয়।
গত ২৪ অক্টোবর সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্বামী ফরিদুল ইসলাম তার ১৮ মাসের পুত্রসন্তান আরিয়ানকে নিজের কাছে রেখে স্ত্রী আঁখি বেগমকে বাড়ি থেকে বের করে দেন। পরে এলাকার মানুষের কাছে বিচার চাইলে তারা এগিয়ে আসেননি। এক পর্যায়ে আঁখি তার বাবার বাড়িতে চলে যান।
সোমবার বিকালে চিলমারী মডেল থানায় এসে তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য একটি অভিযোগ করেন আঁখি। পরে একদল পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় স্বামী ফরিদুল ইসলামের বাড়ির লোকজন পালিয়ে যায়। আঁখি বেগম সন্তানকে ফিরে পাওয়ায় চিলমারী থানা পুলিশকে ধন্যবাদ জানান।
এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার (১ নভেম্বর) বিকালে আঁখি বেগম থানায় এসে অভিযোগ করেন তার সন্তান আরিয়ানকে তার স্বামী জোর করে আটকে রেখেছেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা আঁখি বেগমের কোলে ফিরিয়ে দেয়।
