শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়নদের হারালো পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিলের বিপক্ষে খেলতে নেমে শেষ মুহূর্তের গোলে জয়ের দেখা পেয়েছে জায়ান্ট ক্লাব পিএসজি।

জোনাথন ডেভিডের গোলে প্রথমার্ধের খেলায় লিলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে মার্কুইনিসের গোলে সমতায় ফেরে পিএসজি। আর শেষ মুহূর্তে আর্জেন্টাইন তারকা ফুটবলার আঞ্জেল ডি মারিয়ার গোলে জয় পায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি।

মেসির ভুলে পিএসজি বিপদে পড়তে পারতো ম্যাচের প্রথম মিনিটেই। তার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রতি আক্রমণে উঠে আসে লিলে। মিডফিল্ডার নানিতামো ইকোনের পাস থেকে শেষমেশ বুরাক ইলমাজ শটটাও নিয়েছিলেন ঠিকঠাক, কিন্তু গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমার কল্যাণে সে যাত্রায় রক্ষা পায় পিএসজি।

ম্যাচের আধঘণ্টা পার হতেই অতিথি শিবিরের ঝলক। ম্যাচের ৩১তম মিনিটের খেলায় লিলে তারকা বুরাক ইলমাজের বাড়ানো বল স্রেফ দুর্দান্ত প্লেসমেন্টে পিএসজির জালে পাঠান জোনাথন ডেভিড। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে পিএসজি। ৬৯ ও ৭৩তম মিনিটে ভালো দুটি সুযোগ তৈরি করে। কিন্তু নেইমারের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর দি মারিয়ার ক্রসে অরক্ষিত ইকার্দির হেডে বল উড়ে যায়।

অবশেষে ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে দি মারিয়ার উঁচু কাটব্যাকে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান মার্কিনিয়োস। আর ৮৫তম মিনিটে নেইমার বাঁ দিক থেকে অসাধারণ এক রক্ষণচেরা থ্রু পাস বাড়ান ইকার্দির উদ্দেশ্যে। কিন্তু ডি-বক্সে বিনা বাধায়ও শট লক্ষ্যে রাখতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার।

এ জয়ের ফলে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে ফরাসি জায়ান্টরা। সমান ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন লেন্স।