তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আবারও নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হলেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখের উইকেট হারিয়েছে টাইগাররা।

দলীয় ১৪ রানের মাথায় দুই ওপেনারই বিদায় নেন। দারুণ ডেলিভারিতে তাদেরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মঈন আলি। এরপর ২৬ রানের সময় ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন সাকিব আল হাসান।

চলতি বছর ধারাবাহিকভাবে নিজের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন লিটন দাস। বিশ্বকাপে এসেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পেছনে তার দুটি ক্যাচ মিসই টার্নিং পয়েন্ট ছিল। ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন। তাই আজ নিজের সামর্থ্য প্রমাণ দেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু আবারও ব্যর্থ হলেন।

শুরুতেই উইকেট বিলিয়ে দিয়ে আসা বাংলাদেশ দলকে প্রতি ম্যাচেই চাপে ফেলে দিচ্ছে। আর সেই কাজ লিটন দাস ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। তবুও টিম ম্যানেজম্যান্ট তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না!