পাওয়ার প্লের রান খরায় উদ্বেগ দেখছেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমানের কাছে হারলেই এবারের মিশন শেষ হয়ে যেত বাংলাদেশের। ভয় ধরানো ম্যাচে শেষ পর্যন্ত নাঈমের ব্যাটিংয়ের পর সাকিব-মোস্তাফিজের দারুণ বোলিংয়ে স্বস্তির জয়ে গ্রুপে টিকে আছে টাইগাররা। তবে কালকের বাঁচা-মরা ম্যাচে অনেক আক্ষেপ ও ভুলের মাঝে বড় একটি ভুল হচ্ছে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে না পারা। আর বিষয়টিকে উদ্বেগের মনে করছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে শুরুর দিকে রান খরায় ভুগছে বাংলাদেশ দল। আর পাওয়ার প্লেতে কম রান হওয়ায় ম্যাচে বেশ প্রভাব ফেলে। কাল আল আমেরাত স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২৯ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। সেখানে ওমান করেছে ৪৭। আর তাই কম রান হওয়ার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন সাকিব। কাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমাদের ওপরের দিকের ব্যাটারদের যে স্কিল আছে, সে অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেনি। আশা করি পরের ম্যাচে প্রদর্শন করবে।’

তবে কাল নিজের কোটার চার ওভারে মেহেদির খরচ করেছেন মাত্র ১৪ রান, ওভার প্রতি কোনো বাউন্ডারি না দিয়ে দিয়েছেন কেবল সাড়ে তিন রান। অন্য বোলার সাইফ রান দিয়েছেন ওভার প্রতি চার রান করে। বাকি তিন বোলারের কেউ রান দেননি সাতের নিচে। সাকিবের চোখে তাই ম্যাচের টার্নিং পয়েন্ট এই দুই সতীর্থের পারফরম্যান্স।

‘আমার মনে হয়, সাইফ উদ্দিন ও মেহেদি দুই জনই খুব ভালো বোলিং করেছে। ওদেরই আজকের ম্যাচে আমাদের টার্নিং পয়েন্ট বলতে পারেন। ওদের আট ওভারে আমি জানি না, হয়তো ৩০ রানও হয়নি। তাতেই আমরা অনেক এগিয়ে গিয়েছি। অবশ্যই ওদের দুই জনকে কৃতিত্ব দিতে হয়, যেভাবে তারা বোলিং করে যাচ্ছে।’