দুই মেয়ের কল্যাণের কথা চিন্তা করে সাবেক স্বামী বাংলাদেশী নাগরিক ইমরান শরীফের সাথে আবারো সংসার করতে চান জাপানি চিকিৎসক নাকানো এরিকো। সেইসাথে ইমরানসহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান তিনি।
তবে স্বামী ইমরান শরীফ রাজি না হওয়ায় এখনও সমঝোতা পৌঁছানো যায়নি। একত্রে বসে তাদের সিদ্ধান্তে পৌঁছাতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। তবে এরিকো স্বামী-সন্তান নিয়ে টোকিওতে গিয়ে নতুনভাবে সংসার করতে চান বলে তার আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার ওই নারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইমরান শরীফের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের মাধ্যমে আমরা এ প্রস্তাব দিয়েছি।
তাদের দুই শিশু মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনার সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণের কথা চিন্তা করে নাকানো এরিকো ইমরান শরীফের সাথে সংসার করতে চান। আমরা আদালতের কাছে এ বিষয় তুলে ধরব।
মঙ্গলবার এ দম্পতি ও তাদের দুই মেয়ের বিষয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়।
আদালত শুনানি নিয়ে মুলতবি করে এ আদেশ দেন। বৃহস্পতিবার ফের এ বিষয়ে শুনানি হবে। আদালতে জাপানি মায়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাবার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
এর আগে হাইকোর্টের নির্দেশনায় গত ১৭ সেপ্টেম্বর থেকে গুলশানের ভাড়া ফ্ল্যাটে দুই শিশুর সঙ্গে দিনে বাবা ও রাতে মা থাকছেন।
ওইদিন আদালত শিশুদের জন্য মঙ্গল হয় এবং দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য উভয় পক্ষের আইনজীবীকে একটি সুন্দর সমাধান খুঁজতে বলেছিলেন আদালত। একইসঙ্গে ২৮ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেন আদালত।
