উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, নেই মেসির নাম

উয়েফার বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার করা তিন জনের সেই তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার সাবেক ও পিএসজির বর্তমান তারকা লিওনেল মেসির।

সেই তালিকায় নেই জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও পিএসজির ১০ নম্বরধারী নেইমার জুনিয়রও। তালিকায় থাকা তিনজন হলেন চেলসির এনগোলো কন্তে, জর্জিনহো ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে।

ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে ও ইংলিশ ক্লাব চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন জর্জিনহো। অন্যদিকে, ইউরোতে ব্যর্থ হলেও ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন কন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মাতিয়েছেন তিনি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা ডি ব্রুইনে। এ বছর এরই মধ্যে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন তিনি।

উয়েফা হলো ‘ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’। প্রতিবছর ইউরোপের সেরা খেলোয়াড় ও কোচকে পুরস্কৃত করে সংস্থাটি। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা জিতলেও ইউরোপে গত মৌসুমটা ভালো কাটেনি মেসির। মেসির নেতৃত্বে চ্যাম্পিয়নস লিগে বার্সার ভরাডুবির পর স্প্যানিশ লা লিগায় তৃতীয় হয়েছিল কাতালান ক্লাবটি।

ইউরোপের অন্যতম সেরা লিগ সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই তারকা ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। সংক্ষিপ্ত তালিকায় তার নাম না থাকাটা অবিশ্বাস্যই বটে!