বার্সার টিকিট বিক্রি না হলেও ফুল হাউস পিএসজির গ্যালারি

মহামারি করোনার পর দীর্ঘদিন পর মাঠে ফিরছে দর্শক। নতুন মৌসুমে ইউরোপের স্টেডিয়াম গুলোতে বসে দেখা যাবে ফুটবল। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পেও থাকবে দর্শক। তবে দর্শক আগ্রহতা হারিয়েছে ক্লাবটি।

রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচের জন্য ৩০ হাজার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে অর্ধেক।

ক্লাবের মূল আকর্ষণ লিওনেল মেসি না থাকায় এত দিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার সুযোগ থাকলেও দর্শকদের নেই তেমন আগ্রহ।

এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে যেখানে লিগে গড় উপস্থিতি থাকে প্রায় ৫০ হাজার, সেখানে এত দিন পর মাঠে ফেরার ডাকে সাড়া দিয়েছেন কিনা মাত্র ১৫ হাজার। অবশ্য আজকের দিনে বিক্রি বাড়ার সুযোগ আছে।

বার্সার ম্যাচের টিকিট বিক্রি কম হলেও শনিবার দিবাগত রাতে পিএসজির ম্যাচে ফুল হাউস থাকছে পার্ক দ্য প্রিন্সেস। ৪৮ হাজার দর্শক স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগের দ্বিতীয় এই ম্যাচটি দেখবে।

যদিও সবার চোখ খুঁজে ফিরবে লিওনেল মেসিকে। মেসি এই ম্যাচে না খেললেও ম্যাচের আগে মাঠে ঢুকে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেই জানা গেছে।

সার্জিও রামোসেরও মাঠে নামার জন্য আরো এক সপ্তাহ অপেক্ষা। কোপা আমেরিকা শেষ করে প্রাক-মৌসুম প্রস্তুতি পুরোপুরি শেষ করতে না পারায় না খেলার সম্ভাবনা আছে নেইমারেরও। তবে এমবাপ্পে নামছেন তার পিএসজিতে থাকা না-থাকার গুঞ্জনের মধ্যেই।

২০২০-এর ৭ মার্চ বার্সেলোনা ঘরের দর্শকদের সামনে শেষ ম্যাচটিও খেলেছিল সোসিয়েদাদের বিপক্ষে। তাতে লিওনেল মেসির শেষ দিকে করা পেনাল্টিতে করা গোলে জয় পেয়েছিল কাতালানরা।

নতুন মৌসুম শুরুর আগে কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন সেই মেসি এখন অতীত, ‘আমাদের এখন মেসির বইটা বন্ধ করতে হবে। মনোযোগ দিতে হবে নতুন মৌসুমে’।