বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাত্তা না পাওয়া অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ম্যাথু ওয়েড নিজেদের হার মেনে নিয়েছেন অতি সহজেই। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর প্রশংসা করতেও ভুল করেননি তিনি। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি হারার পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। আগের সিরিজের হারের গ্লানি মেটানোর জন্যই এই সিরিজকে হয়তো বেঁছে নিয়েছিল অজিরা। কিন্তু বাংলাদেশে এসে অজিদের অবস্থাটা আরও নাজেহাল।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারানোর মাধ্যমে এই সংস্করণে তাদের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোনো সিরিজ জেতার স্বাদ পায় টাইগাররা। চতুর্থ ম্যাচে কষ্টার্জিত জয় এলেও পঞ্চম ম্যাচে লজ্জার রেকর্ড গড়েই হেরেছে সফরকারীরা।
সিরিজের শেষ ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাস্তবতা মেনে নিয়ে ওয়েড বলেছেন, ‘এই সিরিজ থেকে ইতিবাচক নেয়ার খুব বেশি কিছু নাই। যেভাবে আমরা হেরেছি, বিশেষ করে আজ (সোমবার) রাতে, তা কোনোভাবেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে মানানসই নয়।’
স্পিনে দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে অসি অধিনায়ক আরও বলেন, ‘বাস্তবতা হলো আমাদেরকে স্পিনের বিপক্ষে আরও ভালো হতে হবে। আমিসহ সবাইকে। এই দলে অনেক খেলোয়াড় আছে যাদের এমন কন্ডিশনে রান করার উপায় বের করতে হবে।’
বাংলাদেশের প্রশংসায় ওয়েড বলেন, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত দল। স্পিনাররা অসাধারণ বোলিং করেছে এবং ব্যাটিংয়ে তারা বাড়তি রানের পথও খুঁজে নিয়েছে। এ জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে। তারা হয়তো শুরুতেই কিছু রান করে এগিয়ে গেছে। যা আমাদের আগে করা উচিত ছিল।’
