গাবতলী হাটে এলো রাজস্থানের উট

আর এক দিন পরই কোরবানির ঈদ। এখনো জমে ওঠার অপেক্ষায় দেশের বিভিন্ন এলাকার পশুর হাটগুলো। এখনো দর কষাকষির প্রবণতাই বেশি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। তবে, দ্রুতই এই অবস্থা কাটবে বলে আশা বিক্রেতাদের।

গাবতলীর পশুর হাটে এবার উঠেছে একটি মাত্র উট। আছে ৫টি দুম্বাও। হাটে উট-দুম্বাগুলো ঘিরে জমে যাচ্ছে উৎসুক মানুষের ভিড়। আর উপযুক্ত ক্রেতার অপেক্ষায় বিক্রেতা।

রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাটে নিয়মিতই ওঠে মরু অঞ্চলের পশু উট-আর দুম্বা। তবে, এবার উঠেছে সবে মাত্র একটি উট। এটিকে ঘিরেই উৎসুক মানুষের ভিড়।

ভারতের রাজস্থান থেকে বছর তিনেক আগে আমদানির করা হয় উটটি। সঙ্গে আনা হয় ৫টি দুম্বাও। আমদানিকারক জানিয়েছেন, এগুলোকে এত দিন পালন করা হয়েছে ঢাকার একটি খামারে। গত বছর হাটে তোলা হলেও করোনা পরিস্থিতির কারণে ভালো দাম পাওয়া যায়নি। তাই বিক্রিও হয়নি। তবে, এবার উপযুক্ত দামের আশা বিক্রেতার।

বড় দুম্বার দাম চাওয়া হচ্ছে ৬ লাখ আর ছোট দুম্বার দাম ২ লাখ। হাটে ওঠা একমাত্র উটটির দাম ১৫ লাখ টাকা পর্যন্ত উঠেছে বলে জানিয়েছেন বিক্রেতা।